শিশু ধর্ষণ-হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের নয় বছরের শিশু ফাতিমা আক্তারকে (ইতি) ধর্ষণের পর হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম কিবরিয়া এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন নিহত ফাতিমার মামাতো ভাই উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের মেহেদী হাসান ওরফে স্বপন (২২) ও একই গ্রামের সুমন জমাদ্দার (২০)। আদালত তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন। জরিমানার অর্থ নিহত শিশুর বাবা-মাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ঝাটিবুনিয়া গ্রামের ফুল মিয়ার মেয়ে ফাতিমা আক্তার পাশের বুখাইতলা বান্ধবপাড়া গ্রামে নানাবাড়িতে থেকে পড়াশোনা করত। সে স্থানীয় হাতেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ২০১৪ সালের ৫ অক্টোবর সকালে ফাতিমা আক্তারকে বনবিড়াল দেখানোর কথা বলে মামাতো ভাই মেহেদী হাসান ও তাঁর বন্ধু সুমন ডেকে একটি বাগানে নিয়ে যায়। শিশুটিকে ধর্ষণ করার পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। পরদিন দুপুরে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ মেহেদী ও সুমনকে আটক করে। পরে সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৪ জনের সাক্ষ্য ও আলামতসহ আনুষঙ্গিক সবকিছু পর্যালোচনা করে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মেহেদী ও সুমনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ দেন বিচারক।