ছয় বছরের শিশু নাসিমা আক্তার ওরফে মুক্তাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আল আমিন (১৬)।
নাসিমা মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত। আল আমিন নাসিমাদের ভাড়াবাড়ির তত্ত্বাবধায়কের ছেলে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবানবন্দি দেওয়ার জন্য গত মঙ্গলবার আল আমিনকে আদালতে পাঠানো হয়।
১৪ মে বেলা দেড়টার দিকে সাতমসজিদ হাউজিংয়ের ভাড়া বাসা থেকে নাসিমা নিখোঁজ হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর ওই বাড়ির পানির ট্যাংকের ভেতরে তার গলাকাটা লাশ পাওয়া যায়। নাসিমার বাবা মোস্তাফিজুর রহমান পেশায় রংমিস্ত্রি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয়।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার পুলিশ এ ঘটনায় বাড়ির তত্ত্বাবধায়কের ছেলে আল আমিনকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আল আমিন নাসিমাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে। পরদিন পুলিশ আল আমিনকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। আল আমিন আদালতকে বলে, সাতমসজিদ হাউজিংয়ের সামনে তার একটি মুদির দোকান আছে। ১৪ মে দুপুরে সে বাসায় ফিরে গোসল করার উদ্দেশ্যে বাথরুমে যাচ্ছিল। এ সময় নাসিমাকে সিঁড়িঘরে পেয়ে তাকে বাথরুমে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে। একপর্যায়ে নাসিমা অচেতন হয়ে গেলে কিছুক্ষণ সিঁড়ির নিচে রেখে দেয়। এরপর একটি ধারালো টাইলসের খণ্ড দিয়ে সে নাসিমার গলায় আঘাত করে। এরপর তাকে বাড়ির সামনের পানির ট্যাংকে ফেলে দেয় সে।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, হত্যায় আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।