শিশু নিপীড়নের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার
ছয় বছরের একটি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক এনজিও কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে শিশুটির বাবার নেওয়া ক্ষুদ্রঋণের কিস্তির টাকা তুলতে গিয়ে ফুয়াদ মিয়া (৩১) শিশুটিকে নিপীড়ন করেন বলে অভিযোগ।
ফুয়াদ মাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিওতে কাজ করেন। শনিবার রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। লালবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুয়াদকে আসামি করে একটি মামলা করেছেন শিশুটির বাবা। শনিবার রাতেই ফুয়াদকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেডিকেলের ওসিসির একজন চিকিৎসক বলেন, শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের ক্ষত রয়েছে। তাকে চিকিত্সা দেওয়া হচ্ছে।
হাসপাতালে ফুয়াদের বাবা জানান, তিনি অটোরিকশা চালান। মাজেদা ফাউন্ডেশন থেকে ঋণ নেওয়ার পরে তিন হাজার টাকা এখনো বকেয়া রয়ে গেছে। সেই টাকা তুলতে শনিবার দুপুরে ফুয়াদ তাঁর শহীদনগরের বাসায় যান। এ সময় তিনি শিশুটিকে আদর করার কথা বলে নিপীড়ন করেন।