শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১
তিন বছরের শিশুর ওপর পাশবিক নির্যাতন চালানোর অভিযোগে সোম সরেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোম সরেনের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। গত রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।
নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মুকুল হোসেন জানান, সোম সরেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে নির্যাতনের কথা শিকার করেছে। তবে সে দাবি করেছে, ওই সময় সে নেশাগ্রস্ত ছিল।
সোম সরেন শিশুটির নিকটাত্মীয়। ঘটনার দিন সে শিশুটিকে তার মায়ের কাছ থেকে নিয়ে যায়। রাতেও শিশুটিকে ফেরত না পাঠালে তার খোঁজ নিতে গিয়ে জানা যায়, সোম সরেন শিশুটিকে নিয়ে দুপুরে নদীর ধারে গেছে। আর ফিরে আসেনি। পরের দিন সোম সরেনের পরিবারের পক্ষ থেকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ফেরত দেওয়া হয়।
ঘটনার পর থেকে শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে ৫ জুলাই ‘পাশবিক নির্যাতন’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।