শিশু নির্যাতনের অভিযোগে দম্পতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর সিডিএ আবাসিক এলাকায় তানজিনা (৭) নামের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্তা নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী তারিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শনিবার ওই দম্পতিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় তানজিনাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ঘটনার খবর শুনে তিনি শুক্রবার রাতে নুর মোহাম্মদ ও তারিনকে আটক করেন। গতকাল সকালে স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান ওই দম্পতিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এই মামলায় ওই দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়। গতকাল দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে শিশুটিকে নির্যাতনের প্রতিবাদে গতকাল বিকেলে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জলিল টেক্সটাইল গেট এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান বলেন, তানজিনার মতো আর কোনো শিশু যাতে এভাবে নির্যাতনের শিকার না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।