শিশু নির্যাতনের ঘটনায় ওয়ার্কশপ মালিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় টুটুল হোসেন নামের ১২ বছরের শিশুশ্রমিককে নির্যাতনের ঘটনায় ওয়ার্কশপ মালিক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, গতকাল বুধবার সকালের দিকে শহরের হামদহ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিজানুর হামদহ এলাকার মেসার্স ফকরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক।
গত সোমবার রাত আটটার দিকে মিজানুর রহমান তাঁর কারখানার শিশুশ্রমিক টুটুলকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেন। শিশুটি জ্ঞান হারিয়ে রাস্তার ধারে পড়ে ছিল। পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। টুটুল সদর উপজেলার বদনপুর গ্রামের আকবর আলীর ছেলে। এ ঘটনায় টুটুলের বাবা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
শিশু টুটুলকে মারধরের ঘটনায় গতকাল বুধবার প্রথম আলো পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।