শিশু নির্যাতনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে দোকান থেকে আপেল চুরির অভিযোগে শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার রাতে শিশু সাইদুলের মা মাজেদা বেগম বাদী হয়ে আপেল ব্যবসায়ী হানিফ শেখ (৪২) ও আউয়াল (৪৫) নামের আরেক ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন। তবে গতকাল রোববার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এজাহারের নথিতে বলা হয়, নির্যাতনের শিকার শিশু সাইদুল (৯) একজন বুদ্ধিপ্রতিবন্ধী। গত শনিবার তার হতদরিদ্র মা-বাবা ছেলেকে বাড়িতে আটকে রেখে কাজে যান। সুযোগ বুঝে সে বাসা থেকে পালিয়ে চাঁচকৈড় বাজারে গিয়ে দোকান থেকে একটি আপেল নেয়। এরপরই শিশুটিকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা (উপপরিদর্শক) সুব্রত কুমার মাহাতো বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। পরে রাতে থানায় এনে এজাহার নেওয়া হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্ত আউয়াল গতকাল মুঠোফোনে বলেন, অন্যায়ভাবে তাঁকে মামলায় জড়ানো হয়েছে। শিশু সাইদুলকে নির্যাতনের ঘটনার জড়িত নন।

গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারে এক দোকান থেকে আপেল চুরির অভিযোগে সাইদুলকে নির্যাতন করা হয়।