দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুষ্টিয়া সরকারি শিশু পরিবারের (বালিকা) কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে কুষ্টিয়া মডেল থানায় এক শিশুর আত্মীয় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শিশু পরিবার সূত্র জানায়, কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠানটির আট ও নয় বছর বয়সী দুই শিশুকে কয়েক দিন ধরে ওই কর্মচারী তাঁর কার্যালয়ে যৌন নিপীড়ন করেন। বিষয়টি গত সোমবার প্রকাশ পায়।
ঘটনার পর গতকাল বুধবার ঢাকা থেকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) জুলফিকার হায়দার কুষ্টিয়ায় আসেন। তিনি শিশু পরিবারের কর্মকর্তা ও শিশুদের সঙ্গে কথা বলেন।
মামলাটি তদন্ত করছেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় শিশু দুটিকে শারীরিক পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।