শিশু পরিবারের কর্মচারীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সরকারি শিশু পরিবারের (বালিকা) কর্মচারীর বিরুদ্ধে দুই শিশুকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে ওই ব্যক্তি পলাতক রয়েছেন।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকসানা পারভীন গতকাল বলেন, ওই শিশুরা ধর্ষণের শিকার হয়েছে কি না—এই মুহূর্তে বলা যাচ্ছে না। অভিযুক্ত ব্যক্তিকে বদলি এবং তদন্ত কমিটি করা হচ্ছে।

শিশু পরিবার সূত্র জানায়, কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত শিশু পরিবারটিতে বিভিন্ন বয়সী ১২৫ জন শিশু থাকে। কয়েক দিন ধরে এক কর্মচারী আট ও নয় বছর বয়সী দুই শিশুকে কার্যালয়ের কক্ষে নিয়ে শ্লীলতাহানি করেন। বিষয়টি গত সোমবার জানাজানি হয়।

শ্লীলতাহানির শিকার একটি শিশু জানায়, গত বুধ, শুক্র, শনি ও রোববার চার দিন ওই ব্যক্তি তাদের দুজনকে কার্যালয়ের দোতলায় নিয়ে ভয় দেখিয়ে গায়ে হাত দেয়। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। সোমবার তারা শিশু পরিবারের দায়িত্বে থাকা খালা হেনা খাতুনকে বিষয়টি জানায়।

শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক সুর্পণা দাস বলেন, সোমবার বিকেলে বিষয়টি হেনা খাতুনের মাধ্যমে জানার পর উপপরিচালককে জানানো হয়েছে।

গতকাল বিকেল চারটার দিকে শিশু পরিবারে গিয়ে দেখা যায়, সেখানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা শিশু দুটির সঙ্গে কথা বলছেন। অন্য শিশুদের মনে আতঙ্ক বিরাজ করছে।

কুষ্টিয়া মডেল থানার একজন উপপরিদর্শক (এসআই) কয়েকজন নারী পুলিশ সদস্যসহ সেখানে আসেন।