শিশু বধূ সেজে স্বামীর ঘরে
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্দ শাহপাড়া গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৪) বাল্যবিবাহ ঠেকানোর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। এ কারণে গত শুক্রবার রাতে বধূবেশে শিশুটি চলে যায় স্বামীর ঘরে।
ওই গ্রামের কয়েক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় এক উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত ওই ছাত্রী। একই গ্রামের বেকার এক ছেলের (২০) সঙ্গে শুক্রবার রাতে মেয়েটির বিয়ে হয়। বিয়ের দিন চলে ভূড়িভোজ। তবে বিকেলে বিয়ের খবর পান বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মীরা। পরে তাঁরা বিষয়টি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আকতারকে জানান। কিন্তু তাঁরা বিয়ে বন্ধের কোনো পদক্ষেপ না নেওয়ায় রাতেই শিশুটিকে যেতে হয় শ্বশুরবাড়িতে।
ওই ছাত্রীর কয়েকজন প্রতিবেশী বলেন, ওই মেয়ের বিয়ে পড়ান গ্রামের মৌলভি মোহাম্মদ আলী। তবে মোহাম্মদ আলী বলেন, ‘আমি বিয়ে সম্পর্কে কিছু জানি না।’ ওই ইউনিয়নের নিকাহ নিবন্ধক (কাজি) আবদুল মাবুদ বলেন, ‘মেয়েটির বিয়ের সংবাদ শুনেছি। কিন্তু আমি ওই বিয়ে নিবন্ধন করিনি।’
মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী বলেন, ‘খবর পেয়ে ওই দিন লোক পাঠিয়েছিলাম। ওই ইউনিয়নের এক জনপ্রতিনিধি বিয়েটি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে রােত শিশুটির বিয়ে হয়েছে। আজ রোববার বাল্যবিবাহ প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’