শিশু বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চার বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে কৃষ্ণ সমাদ্দার নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শিশুটির বাবার অভিযোগ, ‘৭ ডিসেম্বর কৃষ্ণ সমাদ্দার আমার শিশু ছেলেকে তার বাড়িতে ডেকে নেয়। বাড়ির একটি কক্ষে আটকে রেখে শিশুটিকে বলাৎকার করে। এ সময় সে চিৎকার করলে আমার স্ত্রীসহ পরিবারের অন্য লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে গেলে কৃষ্ণ পালিয়ে যায়। শিশুটি যন্ত্রণায় কাতরাতে থাকলেও প্রভাবশালী ওই পরিবারের লোকজনের বাধায় তাকে হাসপাতালে নিতে পারছিলাম না। ঘটনার এক দিন পর ৯ ডিসেম্বর কৌশলে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করাই। কিন্তু এ বিষয়ে বাড়াবাড়ি না করতে তারা হুমকি দিতে থাকে এবং এলাকার প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে আপস-মীমাংসার চেষ্টা করে। মীমাংসার জন্য বসলেও কৃষ্ণ সমাদ্দার উপস্থিত না হওয়ায় কোনো আপস হয়নি। তাই বাধ্য হয়ে আজ শনিবার থানায় মামলা করেছি।’

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এলাকায় নিজেদের মধ্যে বিষয়টি আপসের চেষ্টা চলছিল। কিন্তু আপস না হওয়ায় আজ শনিবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে কৃষ্ণ সমাদ্দারকে আসামি করে মামলা করেছেন। মামলার পর পুলিশ কৃষ্ণকে গ্রেপ্তার করে। কাল রোববার কৃষ্ণকে আদালতে তোলা হবে।