শিশু যৌন নির্যাতনের ঘটনায় সালিসে জরিমানা!
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে চেয়ারম্যান-মেম্বারের উপস্থিতিতে সালিসে জরিমানা করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পাল্টাপুর ইউনিয়নে গত রোববার এ ঘটনা ঘটে।
এদিকে, ওই ছাত্রীর মাকে নিয়ে রোববার রাতে থানায় মামলা করতে গেলে অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অপরাধে পুলিশ এক ইউপি সদস্যকে আটক করে। এ সময় সাত দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে থানায় সোপর্দ করার মুচলেকা দিলে তাঁকে ছেড়ে দেয় পুলিশ। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে ওই ব্যক্তিকে একমাত্র আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। তবে চার দিন পরও ইউপি সদস্য ওই আসামিকে থানায় সোপর্দ করতে পারেননি।
ওই ইউপি সদস্য গত সোমবার বলেন, মামলার আসামি সকাল নয়টার দিকে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রীটির দুই বান্ধবী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার দিলে পাশের বাড়ি থেকে ছাত্রীর মা এগিয়ে আসেন। এ সময় ওই ব্যক্তি তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ওই ব্যক্তিকে আটক করেন।
ওই ছাত্রীর পরিবার গরিব হওয়ায় গ্রামবাসীর সম্মতিতে ইউপি চেয়ারম্যানসহ গ্রামের মুরব্বিদের উপস্থিতে সালিস হয়। সালিসে অভিযুক্ত ব্যক্তিকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করায় ওই ব্যক্তিকে এক প্রভাষকের জিম্মায় দেওয়া হয়। পরে ওই ব্যক্তি পালিয়ে গিয়ে জরিমানার টাকা দিতে অস্বীকার করেন। বাধ্য হয়ে ঘটনার শিকার ওই শিশু ও তার মাকে নিয়ে থানায় মামলা করতে যান তিনি।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার পর থেকে ওই ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে ইউপি সদস্য সর্বাত্মক সহযোগিতা করছেন।
বীরগঞ্জের ইউএনও মোহাম্মদ আলম হোসেন বলেন, নারী নির্যাতনের ঘটনায় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে কীভাবে সালিস হলো, তদন্ত সাপেক্ষে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।