শিশু রনক হত্যার মূল আসামি গ্রেপ্তার
রংপুরে শিশু রাহিমুল ইসলাম রনক হত্যার প্রধান আসামি মোবাশ্বের আলম ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। তাঁকে রংপুরে আনা হচ্ছে। রংপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী আজ বুধবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
আবদুল কাদের জিলানী বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে মোবাশ্বেরকে গ্রেপ্তার করে রংপুরের পুলিশ। তাঁকে নিয়ে রাতেই পুলিশ রংপুরের উদ্দেশে রওনা দেয়।
গত শুক্রবার রাতে রনকের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
রংপুর নগরের নিউ আদর্শপাড়া এলাকার বাসিন্দা মোছাদ্দেক হোসেন ও রাশেদা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে রনক ছিল তৃতীয়। গত ১ ডিসেম্বর নিখোঁজ হয় সে।
ওই দিন রাতেই কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। ৩ ডিসেম্বর একটি অপহরণ মামলা করা হয়।
মামলার বাদী শিশুটির বাবা মোছাদ্দেক তাঁর খালাতো ভাই মোবাশ্বেরসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন।
মামলার পর বিভিন্ন সময় মোবাশ্বেরের স্ত্রী, বাবা-মা ও শ্বশুর-শাশুড়িকে আটক করে পুলিশ। বর্তমানে তাঁরা কারাগারে।
আরও পড়ুন..
এবার রংপুরে শিশুর বস্তাবন্দী লাশ