শিশু রাব্বি হত্যার রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পঞ্চবটী গ্রামের শিশু মীর মো. রাব্বির (৩) হত্যার ঘটনার রহস্য নয় দিনেও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
১১ অক্টোবর দুপুরে পঞ্চবটী গ্রামের মনাইবাড়ি পুকুর থেকে ওই গ্রামের মীর মো. সজীবের ছেলে রাব্বির বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাব্বির দূরসম্পর্কের চাচা মীর আবুল বাশার এবং তাঁর দুই ছেলে মীর মানিক মিয়া ও মীর রতন মিয়াকে আটক করা হয়। ওই দিনই রাব্বির বাবা ওই তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
রাব্বির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর বাড়ির পাশের রাস্তায় রাব্বি খেলছিল। পাশে ছিলেন তার চাচাতো ভাই শাথিল (২৪) ও মিথিল (২২)। একপর্যায়ে রাব্বি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে মিথিল ১০ অক্টোবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ১১ অক্টোবর মনাইবাড়ির পুকুরে বস্তাবন্দী অবস্থায় রাব্বির লাশ পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা যায়, আবুল বাশার থানাহাজতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কয়েকজন আত্মীয়ের জিম্মায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়। তাঁকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে বাশার ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন। বাশারের দুই ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, কুতুব মিয়া, সোনা মিয়া ও ফুল মিয়া আপন তিন ভাই। নিহত রাব্বি কুতুব মিয়ার নাতি। জমি নিয়ে আবুল বাশারের সঙ্গে তাঁর চাচা ফুল মিয়া ও তাঁর দুই ছেলে মিথিল মিয়া ও শাথিল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
আবুল বাশারের স্ত্রী লুৎফা বেগম অভিযোগ করেন, মিথিল ও শাথিল এলাকায় মাদকের ব্যবসা করতেন। তাঁর ছেলে মানিক ও রতন অনেকবার ব্যবসায় বাধা দেন। তা ছাড়া, ফুল মিয়া ও তাঁর ছেলেদের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। তিনি দাবি করেন, তাঁর স্বামী ও ছেলেরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁর বড় ছেলে মানিক মিয়া ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়ছেন ও আরেক ছেলে রতন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ছেন।
রাব্বির বাবা মীর মো. সজীব বলেন, আবুল বাশার ও তাঁর ছেলেরাই জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁর ছেলেকে হত্যা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মামলাটির তদন্ত চলছে। যাদের আসামি করা হয়েছে এর বাইরেও অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকৃত ঘটনা খুব শিগগির জানা যাবে।