শিশু রিমান্ডে, হাতে হাতকড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের পাহারায় হাতকড়া পরানো দুই শিশু (বাঁ থে​েক) সাগর ও রবিনকে বসিয়ে রাখা হয়েছে আদালতে তোলার জন্য। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ আদালত চত্বর থেকে তোলা ছবি l প্রথম আলো
পুলিশের পাহারায় হাতকড়া পরানো দুই শিশু (বাঁ থে​েক) সাগর ও রবিনকে বসিয়ে রাখা হয়েছে আদালতে তোলার জন্য। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ আদালত চত্বর থেকে তোলা ছবি l প্রথম আলো

শিশুকে হাতকড়া পরানো বেআইনি হলেও দুই শিশুকে হাতকড়া পরিয়ে ঢাকার আদালতে নিয়ে যায় পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পুলিশের কনস্টেবল দেলোয়ার তাদের হাজির করেন।
ওই দুই শিশুর নাম সাগর শেখ ও রবিন আলী। তারা স্কুলে পড়ে বলে প্রথম আলোকে জানিয়েছে। জন্মসনদ অনুযায়ী রবিনের বয়স সাড়ে ১৬ বছর। আর পুলিশ মামলার এজাহারে তার বয়স দেখিয়েছে ১৯ বছর। এজাহারে সাগরের বয়স ১৫ বছর দেখানো হলেও তার প্রকৃত বয়স ১২ বছর বলে তার আইনজীবী জানিয়েছেন।
কাফরুল থানায় পৃথক দুটি মাদক মামলায় গত ১২ আগস্ট পুলিশ তাদের গ্রেপ্তার করে। সেদিন থেকে তারা কারাগারে আছে। এর মধ্যে সাগরকে রিমান্ডেও নেওয়া হয়। শিশু আইনের ৪৪ ধারায় বলা হয়েছে, শিশুকে গ্রেপ্তারের পর কোনো শিশুকে হাতকড়া বা কোমরে দড়ি লাগানো যাবে না। আর আইন অনুযায়ী, ১৮ বছরের নিচে সকল ব্যক্তি শিশু হিসেবে গণ্য হয়।
দুই শিশুর গ্রেপ্তার ও রিমান্ড আবেদন প্রসঙ্গে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন বলেন, ‘আমাকে মামলার নথিপত্র দেখে বলতে হবে, ওই দুই শিশুর অপরাধের ধরন কেমন। যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে অবশ্যই গ্রেপ্তার করা যাবে। আর মামলার রহস্য উদ্ঘাটনের জন্য রিমান্ডও চাওয়া যাবে। রিমান্ড চাওয়া তো খারাপ কিছু না।’
তবে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী এর সঙ্গে দ্বিমত করে বলেন, ‘পুলিশ কোনোভাবেই শিশুকে হাতকড়া পরিয়ে আদালতে আনতে পারে না। এটা শিশু আইন ও শিশু সনদের স্পষ্ট লঙ্ঘন। এ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া উচিত।’
২০১৩ সালের শিশু আইন অনুযায়ী, শিশুদের বিচারের একমাত্র এখতিয়ার শিশু আদালতের। ঢাকার ১ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতকে শিশু আদালত ঘোষণা করা হয়েছে। শিশু আইন অনুযায়ী, কোনোভাবেই শিশুকে দাগি অপরাধীর সঙ্গে একসঙ্গে বিচারকাজ পরিচালনা করা যাবে না।
হাতকড়া নিয়ে পুলিশ প্রবিধানের ৩৩০ ধারায় বলা হয়েছে, ‘গ্রেপ্তারকৃত বন্দী এবং বিচারাধীন বন্দীকে তাহাদের পলায়ন বন্ধ করিবার জন্য যাহা প্রয়োজন তাহার চাইতে বেশি কড়াকড়ি করা উচিত নহে। হাতকড়া বা দড়ির ব্যবহার প্রায় ক্ষেত্রে অপ্রয়োজনীয় ও অমর্যাদাকর। বয়স বা দুর্বলতার কারণে যাহাদের নিরাপত্তা রক্ষা করা সহজ ও নিরাপদ, তাহাদের ক্ষেত্রে কড়াকড়ি করা উচিত হইবে না।’
মামলার নথিতে দেখা যায়, গত ১২ আগস্ট সাগর শেখকে ২৩(৮)১৫ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই সোহেল রানা তাকে ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, সাগর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
১২ আগস্ট আরেকটি মাদক মামলায় (মামলা নম্বর ২২(০৮)১৫) মিরপুর ১৩ নম্বরে বাইশটেকিতে বাসার সামনে থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
সাগর ও রবিন ঢাকার আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলে, তারা মাদক ব্যবসা কিংবা কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়। সাগর বলে, ‘আমরা দুই ভাই। আমি হাজি আলী হোসেন উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ি। আমার রোল নম্বর ১৭। আমি লেখাপড়া করতে চাই।’ সাগরের দাবি, কাফরুল থানার দারোগা কামরুজ্জামান তাকে ধরে নিয়ে সারা দিন গাড়িতে বসিয়ে রাখেন। সাগরের বিরুদ্ধে করা মামলার বাদী হলেন কাফরুল থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান।
রবিন আলী বলে, সে হাজি আলী হোসেন বিদ্যালয়ের ক্লাস টেনে পড়ে। তার বাবা সুলতান জুয়েলারির ব্যবসা করেন। রবিনকে কাফরুল ২২(৮)১৩ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
রবিনের মামলার নথিতে দেখা গেছে, রবিন গত ২৭ আগস্ট জামিনের আবেদন করে। জামিন আবেদনের সঙ্গে প্রাক্-নির্বাচনী পরীক্ষার একটি প্রবেশপত্র ও পরীক্ষার টাকা জমা দেওয়ার রসিদ আদালতে দাখিল করা হয়েছে। কিন্তু তার জামিন নামঞ্জুর করা হয়। এ ছাড়া শিশু সাগরের জন্য একাধিকবার জামিন চাওয়া হয়েছে আদালতে। কিন্তু জামিন আবেদন নাকচ হয়েছে বারবার।
এ প্রসঙ্গে সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক বলেন, শিশু আইনের ব্যাপারে বিচারকদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু স্পষ্টত এই প্রশিক্ষণ যথেষ্ট নয়। তাই অবিলম্বে বিচারকদের শিশু আইন সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি।