শিশু শহীদুল হত্যার ঘটনায় আরও একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কাকলী এলাকায় বাসে থাকা একটি ব্যাগ থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে। গতকাল বুধবার গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গত সোমবার শহীদুল ইসলামের (৬) লাশ ঢাকার কাকলী এলাকায় দেশবাংলা পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জয়দেবপুর থানার পুলিশ মঙ্গলবার দুপুরে শহীদুলের বাড়িওয়ালার ছেলে শাকিল মোল্লাকে (১৯) গ্রেপ্তার করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। আটক নারী শহীদুলকে হত্যার কথা স্বীকার করেছেন।
ওসি আরও জানান, শাকিল মোল্লার সঙ্গে আটক নারীর প্রেমের সম্পর্ক ছিল। শহীদুলের বিদ্যালয়ে তাঁর সন্তানও লেখাপড়া করে। এক বছর আগে শহীদুলের বিদ্যালয়ে শাকিলের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা দুজন পালিয়ে যাওয়ার জন্য টাকা জোগাড় করতে ১৫ মার্চ শহীদুলকে অপহরণ করেন। পরে শহীদুলকে ওই নারীর বাড়িতে রেখে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। একপর্যায়ে তাঁরা অপহৃত শহীদুলকে হত্যা করেন।
নিহত শহীদুল গাজীপুরের মোগরখাল এলাকার বাসিন্দা। সে মোঘরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল।