শিশু সাগর হত্যার ঘটনায় তিন কিশোর আটক
নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু সাগর বর্মণ হত্যার ঘটনায় তিন কিশোরকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন কিশোর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদউদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রূপগঞ্জ থানার পুলিশ আজ বেলা ১১টার দিকে ওই তিন কিশোরকে আটক করে। ১২-১৩ বছরের মধ্যে তিনজনের বয়স। আটক তিনজনই সাগরের সঙ্গে ওই কারখানায় কাজ করত।
এসপি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন কিশোর সাগর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
২৪ জুলাই রূপগঞ্জের যাত্রামুড়া এলাকার এখলাছ স্পিনিং মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ১০ বছর বয়সী শিশু শ্রমিক সাগরকে হত্যা করা হয়। ওই ঘটনায় সাগরের বাবা রতন বর্মণ কারখানার চার কর্মকর্তার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল হুদাকে গ্রেপ্তার করেছে।
তবে আজ যে তিন কিশোরকে আটক করা হয়েছে, তারা এজাহারভুক্ত আসামি নয় বলে জানিয়েছে পুলিশ।