শিশু হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে শিশুহত্যার দায়ে আবদুর রশিদ (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজ পারভিন আজ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৮ অক্টোবর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাদুকর্ণপাড়া গ্রামের আবদুল হামিদের ছেলে মেহেদী হাসান ওরফে রাসেলের (৮) কাছে থাকা একটি মোবাইল সেট নিতে চান একই গ্রামের আবদুর রশিদ। রাসেল মোবাইল সেট দিতে রাজি না হওয়ায় উত্তেজিত হয়ে আবদুর রশিদ ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে কোপান। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় রাসেলের। পরে আবদুর রশিদ ওই শিশুর লাশ মাটিতে পুঁতে রাখেন। পরবর্তী সময় পুলিশ রাসেলের বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় আবদুর রশিদসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় নিহত রাসেলের মা স্বপ্না বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারক এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার আবদুর রশিদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি এ মামলার অভিযোগ থেকে অপর দুই আসামি সিরাজ মিয়া ও সালেহকে অব্যাহতি দেন বিচারক।