শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

রাজধানীর কেরানীগঞ্জের এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামি হলেন ইয়াসিন মাহমুদ। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান আজ বুধবার এ রায় দেন।

প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি (পিপি) শাকিলা জিয়াসমিন। রায় ঘোষণার পর ইয়াসিনকে কারাগারে পাঠানো হয়েছে।

২০১৮ সালে কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার পঞ্চম শ্রেণির ছাত্র সোহাগকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় সোহাগের বাবা ইদ্রিস খান বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় মামলা করেন। এ মামলার ২৯ জন সাক্ষীর মধ্যে ১৭ জনকে আদালতে হাজির করা হয়।

পিপি শাকিলা জিয়াসমিন বলেন, সোহাগ সেদিন স্কুল থেকে ক্লাস শেষ করে বাসায় আসে। পরে তার মায়ের মুঠোফোন নিয়ে ঘরের বাইরে যায়। এ সময় ইয়াসিন সোহাগকে অপহরণ করেন। কোথাও না পেয়ে সোহাগের পরিবার র‍্যাবের শরণাপন্ন হয়। এর মধ্যে ইয়াসিন মুক্তিপণ চেয়ে সোহাগের পরিবারের কাছে ফোন দেন। পুলিশ ইয়াসিনকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে শিশুটিকে ইয়াসিনের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। তখন সোহাগের মুখে স্কচটেপ পেঁচানো ছিল। তাকে উদ্ধার করে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।