শিশুকন্যাকে খুন করে বাবার আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার বড়চালা গ্রামে আজ মঙ্গলবার সকালে দেড় বছরের মেয়েশিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। শিশুটির বাবাও ছুরিকাঘাতে মারা যান। পুলিশের সন্দেহ, অভাবের তাড়নায় শিশুটিকে হত্যা করে বাবা আত্মহত্যা করে থাকতে পারেন।

ছুরিকাঘাতে মারা যাওয়া ওই ব্যক্তির নাম মো. জামিল (৪৫)। তিনি পেশায় রিকশাভ্যানচালক ছিলেন। দেড় বছরের শিশুর নাম রাবেয়া। আজ সকাল সাড়ে ১০টার দিকে জামিল ও রাবেয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে ভালুকা থানার পুলিশ।

পুলিশের তথ্যমতে, আজ সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে জামিল তাঁর শিশুসন্তান বারেয়াকে গলা কেটে হত্যা করে থাকতে পারেন। পরে নিজের ছুরিকাঘাতে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছে। জামিল ও রোকেয়ার ১২ বছর বয়সী একটি ছেলেসন্তানও রয়েছে।

জামিলের স্ত্রী রোকেয়ার তথ্যের বরাত দিয়ে পুলিশ দাবি করে, তাঁদের সংসারে সারা বছর অভাব লেগেই আছে। অভাবের তাড়নায় শিশু রাবেয়াকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন জামিল। ঠিকমতো ভরণ-পোষণ দিতে পারছিলেন না। এ কারণে নিজে আত্মহত্যা করার আগে মেয়েকে হত্যা করতে পারেন। তবে এ ব্যাপারে রোকেয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ প্রথম আলোকে বলেন, নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, জামিলের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজে আত্মহত্যা করার আগে মেয়েকে তিনি হত্যা করেছেন। লাশের ময়নাতদন্ত হবে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে জানান ওসি।