শিশুকন্যাকে হত্যার অভিযোগে মা আটক
খুলনার খালিশপুর এলাকায় এক বছরের কন্যাসন্তানকে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম সুমাইয়া। আটক হওয়া মায়ের নাম শারমিন। এ ঘটনায় শিশুটির সৎ নানাকেও আটক করা হয়েছে। তাঁরা পিপলস কলোনি এলাকার বাসিন্দা।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের তথ্যমতে জিজ্ঞাসাবাদে সুমাইয়াকে হত্যা করার কথা স্বীকার করেছেন তাঁর মা। শারমিনের দেওয়া তথ্যের বরাত দিয়ে ওসির দেওয়া ভাষ্য, শিশুটির বাবা মো. সুমন রিকশা চালান। সকালে তিনি রিকশা নিয়ে বের হয়ে যান। এর আগে স্ত্রী শারমিনের সঙ্গে তাঁর ঝগড়া হয়। পরে শারমিন শিশুর গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে শারমিনের সৎ নানাকে আটক করা হয়েছে। শারমিনদের বাড়ির পাশেই তাঁর মা জরিনা বেগম ও সৎ বাবা মো. মিজান থাকতেন।
এ ঘটনায় খালিশপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে।
নিহত শিশুটির লাশ খুলনা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।