শিশুকন্যাসহ মাকে শ্বাসরোধে হত্যা
বগুড়ায় সাত বছরের শিশুকন্যাসহ মাকে শ্বাসরোধে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার নামুজা-ভান্ডারপাড়ার নিজ বাড়ি থেকে মা ও শিশুকন্যার লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার নারী হলেন ভান্ডারপাড়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী কাফিয়া বেগম (৩০)। তাঁর শিশুকন্যা আয়েশা (৭)।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানিয়েছেন, গতকাল সোমবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং হত্যাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। তিনি বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গলায় ওড়না পেঁচিয়ে মা-মেয়েকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্বামী গোলাম মোস্তফা ঢাকার একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। বাড়িতে স্ত্রী ও শিশুকন্যা একা থাকতেন। সোমবার রাতের খাবার খেয়ে মা-মেয়ে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার দিনভর কাফিয়ার কোনো সাড়া না পেয়ে বিকেল চারটার দিকে তাঁর মা মেয়ের বাড়িতে এসে বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখতে পান। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। স্থানীয় লোকজন ঘরে ঢুকে খাটের ওপর মা-মেয়ের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।