শিশুকন্যাসহ স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে গৃহবধূ ও তাঁর শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে কালীগঞ্জ উপজেলার তারালী গ্রামে এ ঘটনা ঘটে।
সাবিনা ইয়াসমিন (২৬) ও তাঁর দুই বছর বয়সী মেয়ে আয়শা সিদ্দিকীকে হত্যার অভিযোগে সাবিনার স্বামী আবদুর রউফকে (৩২) পুলিশ আটক করেছে। রউফ একই উপজেলার ঘোনা গ্রামের বাসিন্দা।

সাবিনার মা জাহানারা খাতুন প্রথম আলোর কাছে দাবি করেন, মাস খানেক ধরে জামাতা রউফ যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে আসছিলেন। তাঁরা এ টাকা দিতে অপারগতা জানালে দিন দশেক আগে তাঁর মেয়ে ও নাতনিকে তারালী গ্রামে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেন জামাতা। গত চার দিন ধরে রউফ প্রতিদিন রাতে তাঁদের বাড়ি আসতেন, আবার সকালে চলে যেতেন। গতকাল রাতে খাওয়ার পর মেয়ে, জামাতা ও নাতনি ঘুমাতে যায়।

জাহানারা খাতুন দাবি করেন, গতকাল রাত একটার দিকে হঠাৎ একটা শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। জেগে উঠে দেখেন, রউফ সাইকেল নিয়ে বের হয়ে যাচ্ছেন। এ সময় তিনি সাবিনার ঘরে গিয়ে দেখেন, মেয়ে ও নাতনি মৃত পড়ে আছেন। তিনি চিৎকার শুরু করলে বাড়ির লোক ও প্রতিবেশীরা এসে রউফকে আটক করে পুলিশে খবর দেন।

সাতক্ষীরা কালীগঞ্জের (সার্কেল) সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আটক রউফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।