শিশুকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
নওগাঁর রানীনগর উপজেলার এনায়েতপুর গ্রামের এক প্রবাসীর ১০ বছরের শিশুসন্তানকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। অপহরণ হওয়া শিশুটির নাম সুজাত রহমান। গতকাল মঙ্গলবার রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সুজাতকে উদ্ধারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে সুজাতের খালু মুজিবুর রহমান বলেন, গত ১৮ আগস্ট সকালে সুজাত বাড়ি থেকে প্রতিদিনের মতো এনায়েতপুর গ্রামের হাই সিদ্দিকীয় কওমি মাদ্রাসায় যায়। নির্দিষ্ট সময়ের পরেও বাড়িতে ফিরে না এলে খোঁজাখুঁজি শুরু করেন সুজাতের পরিবারের সদস্যেরা। পরদিন রানীনগর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।
সুজাতের বড় ভাই সুমন কাজী বলেন, এ ঘটনার তিন দিন পর এক মুঠোফোন থেকে তাঁর কাছে খুদে বার্তা পাঠিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরবর্তী সময়ে আরও পাঁচটি আলাদা আলাদা নম্বর থেকে তাঁর মুঠোফোনে মুক্তিপণের টাকা দ্রুত পাঠানোর জন্য বলা হয়। ওই পরিমাণ টাকা না দিলে তাঁর ভাইকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়। এ ছাড়া বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানানোর জন্যও বলা হয়।
সুমন আরও বলেন, নিখোঁজের তিন দিন পর ২১ আগস্ট একটি মুঠোফোন থেকে তাঁকে বলা হয়, সুজাত অসুস্থ হয়ে পড়েছে, তাঁর চিকিৎসার জন্য ৫০০ টাকা দিতে হবে। পরে অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে টাকাও পাঠানো হয়েছে। তবে ২৪ আগস্টের পর থেকে নম্বরগুলো নম্বর বন্ধ থাকায় তাঁরা আর যোগাযোগও করতে পারছেন না।
পরবর্তী সময়ে অপহরণকারীদের মুঠোফোনের নম্বরগুলো রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে দেওয়া হয়। তবে গতকাল পর্যন্ত পুলিশ কোনো তৎপরতা দেখায়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সুজাতের মা রেজিয়া বেগম বলেন, তাঁর স্বামী সৌদি আরবে থাকেন। তাঁদের কাছে অনেক টাকা রয়েছে—এমন ধারণায় তাঁর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়েছে। পুলিশ এখনো তাঁর ছেলেকে উদ্ধারের জন্য কোনো ভূমিকা রাখছে না।
তবে রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, সুজাতকে উদ্ধার করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।