শিশুকে অপহরণ, ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় হাসিবুল হাসান নামের এক স্কুলছাত্র অপহরণের শিকার হয়েছে। অপহরণকারীরা শিশুটির বাবার কাছে মুঠোফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
হাসিবুল হাসান শ্রীপুরের ইন্দ্রবপুর সরকাির প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মজনু মিয়া স্থানীয় ভবানীপুর এলাকার জয়বাংলা মোড়ের মুদি ব্যবসায়ী।
হাসিবুলের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে হাসিবুল তার বাবার দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে দোকানে পৌঁছায়নি। বাড়িতেও ফিরে যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে হাসিবুলের বাবার মুঠোফোনে এক ব্যক্তি তাঁর কাছে ছেলেকে ফিরে পেতে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিন দিনের মধ্যে ওই টাকা দিতে বলা হয়। এর পর থেকে মুঠোফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
হাসিবুলের বাবা মজনু মিয়া বলেন, অপরিচিত একটি নম্বর থেকে তাঁর ছেলের মুক্তির জন্য ১৫ লাখ টাকা দাবি করা হয়েছে। তিনি বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেছেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করার জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে।