শিশুকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুরে সহিবুর রহমান সৈয়ব (৯) নামে এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছাতড়া-কাপাষ্টিয়া সড়কের বেলির মোড় থেকে গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে সে অপহৃত হয়। সৈয়ব উপজেলার কুশমইল গ্রামের আবদুস সালামের ছেলে। সে স্থানীয় এক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
সৈয়বের ফুপা আকবর হোসেন বলেন, সোমবার বিকেলে বাড়ি থেকে খেলার জন্য তার স্কুলের মাঠে যায় সৈয়ব। বিকেল সাড়ে চারটার দিকে শিশুটিকে মাঠ থেকে ডেকে নিয়ে একটি মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে যায় দুই ব্যক্তি। এর ১০-১৫ মিনিট পর যেসব শিশু ফুটবল খেলছিল তারা বাড়িতে এসে সৈয়বের বাবা-মাকে বিষয়টি জানায়। পরে বিষয়টি থানায় জানানো হয়। সৈয়বের বাবা আবদুস সালাম এলাকার বিশিষ্ট ব্যবসায়ী। তাই তাঁর ছেলেকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।