শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর পরিবারই এ অভিযোগ তুলেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

সাভার মডেল থানার পুলিশ ও পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলে যাওয়ার পথে গত শনিবার সকালে রাব্বি রহমান ও রুবেল নামে দুই তরুণ শিশুটির পথরোধ করে দাঁড়ান। এরপর তাঁরা নানা ভয়ভীতির মুখে শিশুটিকে সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নিয়ে যান। সেখানে একটি বাড়িতে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এক আত্মীয়ের মাধ্যমে খবর পেয়ে গতকাল বুধবার বিকেলে ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ রাব্বিকে আটক করলেও রুবেল পালিয়ে যান।

শিশুটির বাবা বলেন, রাব্বি তাঁদের আত্মীয়। এই সুবাদে সে (রাব্বি) প্রায়ই তাঁদের সাভারের বাসায় বেড়াতে আসত। মাঝেমধ্যেই সে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। বিষয়টি জানার পর তাকে সাভারে আসতে বারণ করা হয়। এই ক্ষোভে রাব্বি তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে।

মেয়ে উদ্ধারের পর গতকাল সন্ধ্যায় সাভার মডেল থানায় তিনি মামলা করেছেন। মামলায় রাব্বি আর রুবেলকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব দাস বলেন, আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।