শিশুকে আটকে নির্যাতন করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আনন্দপুর এলাকা থেকে একটি শিশুকে অপহরণের পর প্রায় এক বছর আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা গেছে।
নিহত শিশুটির নাম সুরাইয়া আক্তার (১৫)। সে আনন্দপুর এলাকার ইদ্রিস আলীর মেয়ে। ইদ্রিস পেশায় রিকশাচালক। পুলিশ গতকাল শুক্রবার সুরাইয়ার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সুরাইয়ার মা সালমা বেগম বলেন, দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বাল্লুবাড়ি এলাকার রাজা মিয়া (২৪) আনন্দপুর এলাকায় মাদক ব্যবসা করতেন। গত বছর ১৬ ডিসেম্বর রাজা তাঁর মেয়েকে অপহরণ করে দিনাজপুর নিয়ে যান। এ ব্যাপারে সাভার থানায় মামলা করতে গেলে পুলিশ তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নেয়। অপহরণের এক মাস পর তিনি রাজাকে প্রধান আসামি করে চার-পাঁচজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। আদালত রাজাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু প্রায় ১০ মাসেও পুলিশ তাঁর মেয়েকে উদ্ধার করতে পারেনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘মেয়েটিকে অপহরণ করা হয়েছিল কি না, তা আমাদের জানা নেই। এ ব্যাপারে কোনো মামলা আছে কি না, তা-ও আমাদের জানানো হয়নি।’
সালমা বেগম বলেন, রাজা ও তাঁর পরিবারের লোকজন সুরাইয়াকে অপহরণের পর আটকে রেখে নানাভাবে নির্যাতন করে। অবস্থার অবনতি হলে রাজার মা নুরজাহান বেগম গত বুধবার বিকেলে তাকে দিনাজপুর থেকে সাভার নিয়ে এসে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে পালিয়ে যান। খবর পেয়ে তিনি হাসপাতালে গেলেও অর্থের অভাবে মেয়ের উপযুক্ত চিকিৎসা করাতে পারেননি। এ কারণে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাঁর মেয়ে মারা যায়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনোয়ারুল কাদের বলেন, সুরাইয়াকে হাসপাতালে ভর্তির সময় তার গলা দিয়ে রক্ত বের হচ্ছিল। এ ছাড়া তার শ্বাসকষ্টও ছিল।
সুরাইয়ার মামা আসলাম হোসেন বলেন, গতকাল বিকেলের দিকে রাজার মা নুরজাহানকে সাভার থেকে আটক করে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হককে জানানো হয়েছিল। কিন্তু ওই কর্মকর্তা কোনো ব্যবস্থা না নেওয়ায় পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আসলাম অভিযোগ করেন, রাজা ও তাঁর পরিবারের লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়েই তাঁর ভাগনি মারা গেছে।
এসআই ফজলুল হক বলেন, ঘটনাস্থল দিনাজপুর। তাই সাভার মডেল থানার পক্ষ থেকে ওই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। এ কারণে নুরজাহানকে আটক করা হয়নি। তবে সাভার থানা এলাকায় মারা যাওয়ায় ময়নাতদন্তের জন্য সুরাইয়ার লাশ গতকাল মর্গে পাঠানো হয়েছে।