শিশুকে আটকে পণ আদায়ের চেষ্টা কিশোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে পাঁচ মাস বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
গত সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এএসপি তৈমুর রহমানের নেতৃত্বে র‍্যাব-১-এর একটি দল ওই কিশোরকে গ্রেপ্তার করে।
র‍্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন এম মাসুদ প্রথম আলোকে বলেন, বিকেলে মামুন মিয়া ও শাহনাজ পারভিন নামের এক দম্পতি তাঁদের শিশুকে নিয়ে রংপুর যাওয়ার জন্য বিমানবন্দর রেলস্টেশনে আসেন। এ সময় অভিযুক্ত ওই কিশোর শাকিল ও শামীম নামের দুই যুবককে সঙ্গে নিয়ে মামুন ও পারভিনকে অনুসরণ করে। একসময় মামুন পাশের একটি দোকানে খাবার কিনতে গেলে তিনজন পারভিনের কাছ থেকে শিশুটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পারভিনের চোখে মরিচের গুঁড়া-জাতীয় কিছু ছুড়ে মারে। পারভিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শিশুটিকে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।