শিশুকে কুপিয়ে হত্যা, মাদকসেবী বাবা গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে মাদকসেবী এক বাবা তাঁর নয় বছর বয়সী শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ শিশুর বাবা বিধান সরকারকে (৪০) গ্রেপ্তার করেছে।
শিশুর মা আগমনী সরকার বাদী হয়ে গতকাল দুপুরে থানায় স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। নিহত শিশুর নাম দুর্জয় সরকার। সে দারুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
দুর্জয়ের মা আগমনী সরকার বলেন, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে তিনি কাজের জন্য তাঁদের বাড়ির পাশে বিশ্বনাথ সরকারের বাড়িতে যান। ফিরে এসে দেখেন তাঁর স্বামী যে ঘরে থাকেন, সেই ঘরের মেঝে দিয়ে রক্ত গড়িয়ে আসছে। ঘরে ঢুকেই তিনি দেখতে পান তাঁর ছেলে দুর্জয়ের রক্তমাখা দেহ পড়ে আছে।
দুর্জয়ের মা কাঁদতে কাঁদতে বলেন, নেশার টাকা না দিলে তাঁর স্বামী তাঁকে নির্যাতন করতেন। ছেলেকে লেখাপড়া শেখাবেন এই আশায় তিনি গ্রামের বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। এতে যে টাকা আয় হতো, তা দিয়েই তিনি ছেলেকে নিয়ে থাকতেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বিধান সরকার ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, নেশা করার কারণে দুর্জয়কে তাঁর কাছে আগমনী (স্ত্রী) আসতে দিতেন না। এই ক্ষোভে প্রায় দুই মাস আগে শেরপুরের পাশে নয়মাইল হাট থেকে ৫০০ টাকায় একটি দা কেনেন তিনি। গতকাল সকালে স্ত্রী বাড়িতে না থাকায় কৌশলে ছেলেকে পাঁচ টাকা দেওয়ার লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন।
প্রতিবেশী সুভাষ সরকার বলেন, আগমনীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে বিধান পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করা হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিধানের বড় ভাই রবি সরকার বলেন, প্রায় দেড় বছর আগে একদিন সকালে বিধান তাঁর ছেলে দুর্জয়কে মুখে বালিশচাপা দিয়ে হত্যার চেষ্টা করেছিল। এ সময় তাঁর মেয়ে (রবি সরকার) দেখে চিৎকার দিলে ভাগ্যক্রমে দুর্জয় বেঁচে যায়।
স্থানীয় পল্লি চিকিৎসক তপন সরকার বলেন, বিধান মাদকসেবী ও ভবঘুরে প্রকৃতির লোক। চার-পাঁচ বছর ধরে স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য চলছে। একই বাড়িতে তাই আলাদা ঘরে থাকতেন তিনি।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম বলেন, শিশুটির ঘাড়ের নিচ থেকে মাথা পর্যন্ত ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। উপর্যুপরি আঘাতে দুর্জয়ের মৃত্যু হয়ে থাকতে পারে। হত্যায় ব্যবহৃত ১৮ ইঞ্চি লম্বা দাটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।