শিশুকে কুপিয়ে হত্যা ফুফু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কোরবানপুর গ্রামে গত মঙ্গলবার এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ফুফুকে ওই রাতেই পুলিশ গ্রেপ্তার করেছে।
নিহত শিশুর নাম মাছুম মিয়া (৭)। সে কোরবানপুরের মাসুক মিয়ার ছেলে। মাছুম কোরবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ত। গ্রেপ্তার হওয়া নারীর নাম শেলি বেগম (২৫)।
কুলাউড়া থানার এসআই সামছুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাছুমকে হত্যার কথা শেলি স্বীকার করেছেন। তবে এর কারণ সম্পর্কে তিনি একেকবার একেক কথা বলছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত মাছুমের মাথায় ধারালো অস্ত্রের চার-পাঁচটি আঘাত দেখা গেছে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, বিয়ের পর থেকে শেলি বেগম বাবার বাড়িতে স্বামী-সন্তানদের নিয়ে আলাদা ঘরে থাকেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি হঠাৎ ধারালো বঁটি দিয়ে মাছুমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। চিৎকার শুনে পরিবারের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় মাছুমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আটটার দিকে সে মারা যায়। রাত নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় শেলিকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।