শিশুকে কুপিয়ে হত্যা, বাবা আটক
বগুড়ার শেরপুরে নয় বছর বয়সী একটি শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবাকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আজ সোমবার সকালে উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম দুর্জয় সরকার। সে স্থানীয় দারুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। শিশুটির বাবার নাম বিধান সরকার (৪০)।
পরিবার ও এলাকাবাসীর ভাষ্য, বিধান মাদকসেবী। ছেলে দুর্জয়কে হত্যার জন্য তাঁকে (বিধান) সন্দেহ করা হচ্ছে। এ জন্য গ্রামবাসী তাঁকে আটক করে পুলিশে দিয়েছে।
শিশু দুর্জয়ের মা আগমনী সরকার বলেন, সকালে কাজের জন্য পাশের বাড়িতে গিয়েছিলেন তিনি। ফিরে এসে তিনি ছেলের রক্তাক্ত দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। ছেলেকে হত্যার জন্য স্বামীকে দায়ী করেন তিনি।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম বলেন, বিধান একজন মাদকসেবী বলে পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে। তিনি তাঁর ছেলেকে ঘরের মেঝেতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। হত্যায় ব্যবহৃত রক্তমাখা একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কয়েকজন গ্রামবাসীর ভাষ্য, বিধান মাদকসেবী ও ভবঘুরে প্রকৃতির লোক। তাঁর স্থায়ী কোনো আয় নেই। একই বাড়িতে আলাদা ঘরে থাকতেন তিনি। অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে নিয়ে সংসার চালাতেন স্ত্রী আগমনী। চার-পাঁচ বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, শিশু হত্যার এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।