শিশুকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মৈজদ্দিন মোল্লার পাড়ায় গতকাল বুধবার নিজের ১৩ মাসের শিশুকে গলা কেটে হত্যা করেছেন সোনাবান (১৮) নামের এক গৃহবধূ। পরিবার বলছে, সোনাবান মানসিক ভারসাম্যহীন।
পরিবার ও এলাকার লোকজন জানান, ওই শিশুটির নাম স্বাধীন। বেলা ১১টার দিকে শিশুটি ঘরের বারান্দায় চৌকিতে ঘুমিয়ে ছিল। শিশুটির নানা দিনমজুর রায়হান শেখ বাইরে কাজে ছিলেন। রায়হানের স্ত্রী সুফিয়া বেগম বাড়ির পাশে কাজ করছিলেন। এরই মধ্যে সোনাবান স্বাধীনকে তুলে বাড়ির সামনে টিউবওয়েলের পাশে নিয়ে গলা কেটে হত্যা করেন। প্রতিবেশী এক শিশু বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় স্বাধীনের নানি সুফিয়া দৌড়ে এসে মেয়ে সোনাবানকে রক্তমাখা কাঁচি হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন।
সুফিয়া বেগম বলেন, সোনাবানের স্বামীর বাড়ি ফরিদপুর সদর উপজেলার কাচারটেক এলাকায়। স্বাধীনের জন্মের কয়েক মাস পর সোনাবান মানসিক রোগে আক্রান্ত হন। এর পর থেকে স্বাধীনকে নিয়ে বাবার বাড়িতেই থাকছেন সোনাবান। এখানে তাঁকে চিকিৎসাও করানো হয়। পাগলামির কারণে মাঝেমধ্যে তাঁকে ঘরের খুঁটি বা গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হতো।