শিশুকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রকে গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার পুলিশ বাড়ির পাশের ঝোপ থেকে তার লাশ উদ্ধার করেছে।
পুলিশ বলছে, পারিবারিক শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিহত স্কুলছাত্রের নাম সজীব হোসেন (৭)। সে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামের কৃষক জসিম উদ্দিনের ছেলে। সজীব ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
সজীবের পরিবার ও পুলিশ সূত্র জানায়, জসিম উদ্দিনের সঙ্গে একটি পেয়ারাবাগানের জমি নিয়ে প্রতিবেশী মোশাররফ হোসেনের পরিবারের বিরোধ চলে আসছে। জসিম উদ্দিন গত শনিবার সকালে কোরবানির পশু কেনার জন্য শ্রীপুর বাজারে যান। বেলা আড়াইটার দিকে তাঁর স্ত্রীর মুঠোফোনে এক ব্যক্তি ফোন করে জানান, সজীবকে অপহরণ করা হয়েছে। তার মুক্তির জন্য পাঁচ লাখ টাকা দিতে হবে। জসিম উদ্দিন বিষয়টি জেনে দ্রুত বাসায় ফেরেন। সন্ধ্যায় তিনি ওই মুঠোফোন নম্বরে ফোন করে আংশিক টাকা সংগ্রহের কথা জানান। ওই ব্যক্তি পুরো টাকা জোগাড় করে ফোন করতে বলেন। রাতেই জসিম উদ্দিন ঘটনাটি জয়দেবপুর থানা-পুলিশকে জানান। গতকাল সকাল নয়টার দিকে তাঁদের বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে প্রতিবেশীরা সজীবের লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জসিম উদ্দিন বলেন, গত শুক্রবার বিরোধপূর্ণ পেয়ারাবাগানে সজীব পেয়ারা খেতে গেলে মোশাররফ হোসেনের পরিবারের লোকেরা তাকে মারধর করে। ঘটনার পর থেকে মোশাররফ হোসেনসহ তাঁর পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছেন। মোশাররফের মুঠোফোনে ফোন করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
নলজানি গ্রাম জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ি এলাকাভুক্ত। এই ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, ধারণা করা হচ্ছে, এটি অপহরণের ঘটনা নয়। শত্রুতার জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জসিম উদ্দিন জয়দেবপুর থানায় মামলা করেছেন। এতে মোশাররফ হোসেনকে প্রধান করে নয়জনকে আসামি করা হয়েছে।