শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় সাগর রায় (১৩) নামে এক শিশুকে চুরি করার অজুহাতে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। বদরগঞ্জ পৌরসভার চাঁদকুঠিরডাঙ্গা গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাগরকে উদ্ধার করলেও নির্যাতনকারী কাউকে আটক করতে পারেনি।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে পৌরশহরের চাঁদকুঠিরডাঙ্গা গ্রামের মুদি ব্যবসায়ী মোশারফ হোসেনের দোকান থেকে একটি চার্জার ব্যাটারি ও পাঁচ কেজি চাল চুরি হয়। গতকাল দুপুরে সাগর ওই দোকানে গেলে ওই চাল ও ব্যাটারি চুরির অভিযোগে মোশারফ তাকে আটক করে। পরে দোকানের পাশে একটি কাঁঠালগাছের সঙ্গে সাগরের হাত-পা বেঁধে লাঠি দিয়ে মোশারফ ও তাঁর লোকজন তাকে বেধড়ক পেটান। এ সময় সাগরের আর্তচিৎকারে এলাকার লোকজন সেখানে ছুটে এলেও উদ্ধারে কেউ এগিয়ে আসেননি। পরে খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। তবে কয়েকজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করে বলেন, অভিযুক্ত মোশারফ ওই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলেও রহস্যজনক কারণে পুলিশ তাঁকে আটক করেনি।

সাগর বলে, ‘আমি চুরি করিনি। গতকাল ওই দোকানে কেনাকাটা করতে গেলে আমাকে মোশারফ আটক করে বলে, তুই চাল আর ব্যাটারি আমার দোকান থাকি চুরি করি নিয়া গেছিস, ফেরত দে। পরে আমাকে গাছে বেঁধে লাঠি দিয়া মারতে থাকে।’

সাগরের বাবা টন্না রায় দাবি করেন, তাঁর ছেলে নির্দোষ। তাকে চুরির অভিযোগে অন্যায়ভাবে গাছে বেঁধে লাঠি দিয়ে মারা হয়েছে। তিনি নির্যাতনকারীদের শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে মুদি দোকানদার মোশারফ বলেন, ‘সাগর পেশাদার চোর। সে ছাড়া এলাকায় কোনো চুরি হয় না। আমার দোকানে সে-ই চুরি করেছে। তাই তাকে গাছে বেঁধে একটু শাসন করেছি।’

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান গতকাল রাত পৌনে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিশু সাগরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।