শিশুকে দোতলা থেকে নিক্ষেপ, সৎমা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভার ডগরমোরা মহল্লায় এক গৃহবধূর বিরুদ্ধে তাঁর সাড়ে তিন বছরের সৎমেয়েকে দোতলা থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ওই গৃহবধূকে আটক করেছে।
শিশুটির নাম নুসরাত জাহান। সে ডগরমোরার জুবায়ের হাসান খানের মেয়ে।
সাভার মডেল থানার পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নুসরাতের বয়স যখন চার মাস, তখন মা তাকে রেখে অন্য এক ব্যক্তিকে বিয়ে করে চলে যান। এরপর থেকে নুসরাত দাদা-দাদির কাছে ছিল। বছর খানেক আগে জুবায়ের হাসান বিনা আক্তার নামের এক মেয়েকে বিয়ে করেন। তবে শ্বশুর, শাশুড়িসহ পরিবারের অন্যদের সঙ্গে বিনার বনিবনা হচ্ছিল না।
জুবায়েরের মা হোসনে আরা খান বলেন, তিনি স্বামী, দুই ছেলে ও এক পুত্রবধূকে নিয়ে বাড়ির দোতলায় থাকেন। সোমবার সন্ধ্যায় তাঁর স্বামী একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। তিনি অন্য একটি কক্ষে বসে ছিলেন। নুসরাতকে নিয়ে তার সৎমা বিনা ছিলেন পাশের একটি কক্ষে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিনার কাছ থেকে তিনি জানতে পারেন নুসরাত ছাদ থেকে পড়ে মারা গেছে। খবর পেয়ে বাড়ির নিচতলায় থাকা তাঁর মেয়ে সুমাইয়া নুসরাতকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। নুসরাতের মাথা ফেটে রক্ত ঝরছিল। ওই ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে উঠলে রাতেই তাকে বাড়ি নিয়ে আসা হয়।
ঘটনার সময় ছাদে ছিলেন পাশের বাড়ির এক তরুণ। তিনি নুসরাতকে বিনার শোবার ঘরের বারান্দার ফাঁক দিয়ে বাইরে ফেলে দিতে দেখে চিৎকার করে প্রতিবেশীদের জানান।
জুবায়েরের বাবা জাহিদ হোসেন খান বলেন, পারিবারিক কলহের জেরে বিনা তাঁর (জাহিদ হোসেন) নাতনিকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায়।
তবে বিনা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, নুসরাত ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়েছে কিংবা তাঁর ননদ সুমাইয়া তাকে হত্যার উদ্দেশ্যে নিচে ফেলে দিয়েছে। সুমাইয়া বলেন, ঘটনার সময় তিনি নিচতলায় ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাতিজিকে উদ্ধার করেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, বিনাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।