শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
শেরপুরে এক শিশুকে তার চাচাতো ভাই ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতে সদর থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী। তার বাবা একজন দিনমজুর ও মা গৃহকর্মী। সোমবার বেলা দুইটার দিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার চাচাতো ভাই নিজের ঘরে নিয়ে যান। একপর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। তখন শিশুটির চাচাতো ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিশুটির চাচা-চাচিও বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে সদর থানা-পুলিশও ঘটনাস্থলে যায়। পুলিশ ওই শিশু ও তার বাবা-মাকে থানায় নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তাঁর ভাতিজাকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।