শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলা সদরের মালিগাঁও গ্রামের সুজন মিয়া (২০) ও সৈয়দটুলা গ্রামের মনির মিয়া (২০)। গত শনিবার রাত নয়টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে সরাইল উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, সুজন মিয়া ও মনির মিয়া দুজনই পেশায় রিকশাচালক। আর শিশুটি উপজেলা সদরের স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। গত শনিবার রাত আটটার দিকে ওই দুই বখাটে উপজেলা সদরের হালুয়াপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের শিশুটিকে ফুসলিয়ে বাড়ির সামনের রাস্তা থেকে তুলে নেন। তাঁরা বড্ডাপাড়া এলাকায় মহাসড়কের পাশের নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে সড়ক দিয়ে যাওয়া সিএনজিচালিত একটি অটোরিকশার চালক ও যাত্রী নেমে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। এ সময় দুই বখাটেকে ধাওয়া করে আটক করে ফেলেন তাঁরা। পরে দুই বখাটেকে পুলিশে দেন তাঁরা।
থানাহাজতে আটক দুই বখাটে সাংবাদিকদের উপস্থিতিতে ঘটনার দায় স্বীকার করেছেন।
সরাইল থানার ওসি রূপককুমার সাহা বলেন, পুলিশি জিম্মায় রাতেই শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনায় ওই দুজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।