শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭৫ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার সালিস করে দশম শ্রেণির এক কিশোরকে (১৫) ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তবে বোয়ালমারী থানার পুলিশ জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনা তাদের জানা নেই। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেন, এ ঘটনার কথা শুনলেও বৈঠকের আগে তাঁকে জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, একই এলাকার আবদুল লতিফ মাতুব্বর, কাওছার মোল্লা, আজিজার মোল্লা, সোহরাব মোল্লাসহ কয়েকজন ওই সালিসে নেতৃত্ব দেন। সালিসকারীরা প্রথমে কিশোরকে ৭০ হাজার টাকা জরিমানা ও ৩১টি জুতার বাড়ি মারার আদেশ দেন। পরে তা সংশোধন করে জুতা মারার আদেশ প্রত্যাহার করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৈঠকে উপস্থিত আজিজার মোল্লা বলেন, ওই কিশোর দোষী বলেই তাকে জরিমানা করা হয়েছে। এ টাকা মেয়ের মাকে দেওয়া হবে।
ওই কিশোরের বাবা এ সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, এ রকম একটি সালিসের কথা তিনি শুনেছেন। তবে বৈঠকের আগে তাঁকে কেউ জানায়নি। না জানিয়ে সালিস করায় এ ব্যাপারে তাঁর কোনো আগ্রহ নেই।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গতকাল বৃহস্পতিবার বলেন, কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি। করলে ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী সূত্র জানায়, রোববার সকালে ওই শিশু প্রতিবেশী সহপাঠীকে ডাকতে যায়। সেখানে ওই সহপাঠীর ভাই শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
শিশুটির মা বলেন, রোববার থানায় অভিযোগ করার উদ্যোগ নিলে মুরব্বিরা সালিস করে নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন। এ জন্য তিনি মামলা করেননি।