শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
রাজধানীর তেজগাঁও এলাকায় সাড়ে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় আলমগীর হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর ১২টার দিকে ওই ধর্ষণের ঘটনা ঘটে। পরে অভিযুক্ত আলমগীর হোসেনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা করেছেন শিশুটির মা।
মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মামুন শাহ প্রথম আলোকে বলেন, বুধবার তেজগাঁওয়ের আরজতপাড়ার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলমগীর ওই দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন। দোকানসংলগ্ন একটি ঘরে মা-বাবার সঙ্গে শিশুটি থাকত। চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে দোকানে নিয়ে ধর্ষণ করেন আলমগীর। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পরিবার অভিযোগ করলে আলমগীরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন।