শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল রোববার কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে মোমরেজ আলী (৫৫) নামের এক ভ্যানচালককে পিটিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
তবে অভিযোগ অস্বীকার করে মোমরেজ আলী গতকাল প্রথম আলোকে বলেন, ‘সামাজিকভাবে হেয় করতে স্থানীয় একটা গোষ্ঠী আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে মারধর করেছে।’
শিশুটির মা গতকাল সাংবাদিকদের বলেন, তাঁর মেয়ে স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। সে তার নানির কাছে থেকে লেখাপড়া করে। গত শনিবার সকালে প্রতিবেশী বৃদ্ধ মোমরেজ শিশুটিকে ডেকে নিজের ঘরের মধ্যে নিয়ে যান। এ সময় মোমরেজের স্ত্রী এবং মেয়ে বাসায় ছিলেন না। এই সুযোগে তিনি শিশুটিকে ধর্ষণ করেন।
শিশুটির মা এ অভিযোগে গতকাল যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। এতে একমাত্র আসামি করা হয়েছে মোমরেজ আলীকে।
এদিকে স্থানীয় বাসিন্দারা মোমরেজকে শনিবার রাতে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মোমরেজ দাবি করেন, টেলিভিশন দেখতে মেয়েটি প্রায়দিনই তাঁর বাড়িতে যায়। শনিবার সকালেও গিয়েছিল। তিনি ভ্যান চালিয়ে রাতে বাড়িতে ফিরলে কয়েকজন আকস্মিকভাবে তাঁর বাড়িতে গিয়ে মারধর করেন। হুমকি-ধমকি দিয়ে মেয়েটির কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি মোমরেজকে আটক করা হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকেরা আলামত সংগ্রহ করেছেন। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।