শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা গ্রেপ্তার ১
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার দুই সপ্তাহ পর মুঠোফোনে ধর্ষণের ভিডিও ফাঁস হলে থানায় মামলা করে মেয়েটির পরিবার।
শিশুটির স্বজনেরা বলেন, ৯ মে বিকেলে গ্রামের শাহিন মল্লিকের বাড়ির পাশ দিয়ে একই গ্রামে নানার বাড়ি যাচ্ছিল শিশুটি। এ সময় শাহিন শিশুটিকে ফুসলিয়ে নিজের ঘরের ভেতর নিয়ে উচ্চ শব্দে গান বাজানো শুরু করে। একপর্যায়ে শাহিন শিশুটির মুখ চেপে ধর্ষণ করে। এ সময় শিশুটি আর্তচিৎকার করলেও গানের শব্দের কারণে আশপাশের লোকজন তা টের পায়নি। শিশুটিকে ধর্ষণ শেষে শাহিন তার বন্ধু রমজান মল্লিককে ডেকে আনে। রমজান এসেও শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও দৃশ্য শাহিন মুঠোফোনে ধারণ করে।
ঘিওর থানার ওসি শওকত আলম বলেন, গত সোমবার মানিকগঞ্জ সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। গতকাল মঙ্গলবার আসামি শাহিনকে গ্রেপ্তার করা হয়।