শিশুকে ধর্ষণের পর হত্যা!
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ছয় বছরের এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার এক মাজারসংলগ্ন এলাকায় লাশটি পাওয়া যায়। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেছেন, সুরতহালে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ধর্ষণের ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য শিশুটির মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এক গ্রামে। তার বাবা একটি মাছের খামারে কাজ করেন এবং মা পোশাকশ্রমিক। লাশ যেখানে পাওয়া গেছে, সে এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি স্কুলে পড়ত না। মা-বাবা সারা দিন কাজে থাকায় সে নিজের মতো ঘুরে বেড়াত। গত মঙ্গলবার সন্ধ্যায় মা-বাবা কাজ থেকে বাড়ি ফিরে সন্তানকে খুঁজে পাননি। রাতভর নানা জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। গতকাল ভোরে এলাকার এক বাঁশঝাড়ে শিশুর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে মা-বাবা শিশুটিকে শনাক্ত করেন।
শিশুটির বাবা বলেন, ‘এলাকায় আমার মেয়েকে খুন করার মতো কোনো শত্রু নেই। মেয়েকে ধর্ষণ করে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য হত্যা করা হয়েছে। আমি অপরাধীদের বিচার চাই।’
গতকাল বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেছেন।
ওসি মামুন অর রশিদ বলেন, পুলিশ এলাকার একটি কর্মজীবী মেস থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশের পক্ষ থেকে আটক ব্যক্তিদের নাম জানানো হয়নি।