শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চট্টগ্রামে ধর্ষণের পর পাঁচ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় এক আসামিকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে আজ সকালে আসামি মো. ইমনকে নগরের চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নগরের চান্দগাঁওয়ের একটি বাসা থেকে গত রোববার পাঁচ বছরের একটি শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ ও খুনের অভিযোগে চান্দগাঁও থানায় মামলা করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, সব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। জড়িত থাকার সন্দেহে ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রায়ই নিহত শিশুটির বাসায় যেতেন। পূর্বপরিচিত ছাড়া ওই বাসায় বাইরের কেউ এসে এ ঘটনা ঘটানো সম্ভব নয়।

গ্রেপ্তার ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদেশ পাওয়ার পর আসামি ইমনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।