শিশুকে নির্যাতন দুই কিশোর গ্রেপ্তার
সাতক্ষীরায় এক শিশুর পায়ুপথে আইসক্রিম ঢোকানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে সাতক্ষীরা শহরতলির ডাঙ্গীপাড়ার আশিক সুপার আইসক্রিম কারখানায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শিশুটির (৯) বাড়ি সদর উপজেলার একটি গ্রামে। গ্রেপ্তার কিশোরেরা (১৫) ওই কারখানার শ্রমিক। তাদের বাড়ি সদর উপজেলার পৃথক গ্রামে।
শিশুটি বলে, সে আইসক্রিম আনতে গেলে ওই দুই কিশোর তাকে ধরে প্যান্ট খুলে পায়ুপথে আইসক্রিম ঢুকিয়ে দেয়। এ সময় সে চিৎকার দেয়। একপর্যায়ে আশপাশের কয়েকজন ছুটে এলে তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে গ্রেপ্তার কিশোরেরা বলে, শিশুটি প্রতিদিন কারখানায় এসে আইসক্রিমের জন্য জ্বালাতন করত। এ কারণে বৃহস্পতিবার রাত আটটার দিকে এলে তার পায়ুপথে দুবার আইসক্রিম ঘষে দিয়েছিল। এতে সে চিৎকার করলে তারা ছেড়ে দেয়।
এ ব্যাপারে গতকাল শুক্রবার জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ প্রথম আলোকে বলেন, ওই দুই কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ওই দুই কিশোরকে আজ শনিবার আদালতে পাঠানো হবে।