শিশুকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বাগেরহাটের মংলা উপজেলায় এক শিশুকে (৭) নির্যাতনের অভিযোগে এক কলেজশিক্ষককে গতকাল রোববার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
ওই শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার মংলা শহরতলিতে ওই কলেজশিক্ষকের বাড়িতে তাঁর দুই মেয়ের সঙ্গে খেলছিলশিশুটি। এ সময় শিক্ষক কৌশলে দুই মেয়েকে বের করে দিয়ে চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে অপেক্ষায় রাখেন। এরপর তিনি শিশুটির ওপর নির্যাতনচালান। সন্ধ্যায় বাড়ি ফিরলে মেয়েটির শরীরে বিভিন্ন ক্ষতচিহ্ন দেখতে পান তার পরিবারের সদস্যরা। পরে ওই দিন রাতেই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। মামলার খবর পেয়ে শিক্ষক গতকাল সকালে মংলা থেকে খুলনায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মেয়েটির আত্মীয়স্বজন ও স্থানীয় জনতা রূপসা থেকে তাঁকে আটক করেন। একপর্যায়ে তাঁকে মারধর করে রূপসা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুরে মংলা থানা-পুলিশের একটি দল তাঁকে থানায় নিয়ে আসে।
ঘটনা জানতে পেরে ওই শিক্ষকের কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করেন। বেলা ১১টার দিকে কলেজ চত্বরে ওই কর্মসূচি পালন করা হয়।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ওই শিক্ষককে সোমবার (আজ) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।