শিশুকে পেটানোর অভিযোগে যুবক আটক, পরে মীমাংসা
লালমনিরহাটে এক শিশুকে মারধরের অভিযোগে গতকাল শুক্রবার সামিউল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করা হয়। পরে ঘটনাটি উভয় পক্ষই মীমাংসা করে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে শহরের পূর্ব থানাপাড়ায় বাড়ির পাশে এক মাঠে কামরান আলম (১১) বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। বলে জোরে আঘাত করলে তা গিয়ে প্রতিবেশী সামিউলদের বাড়িতে পড়ে। বলটি আনার জন্য প্রথমে বাড়ির ফটকে কয়েকবার নক করলে কেউ সাড়া দেননি। পরে কামরান বন্ধুদের পরামর্শে ওই বাড়ির পেছনের দেয়াল টপকিয়ে বলটি আনতে যায়। কামরানকে ভেতরে দেখে সামিউল তাকে লাকড়ি দিয়ে বেধড়ক মারধর করেন। কামরান কান্নাকাটি করতে করতে বাড়িতে এসে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে কামরানের পরিবারের সদস্যরা তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
কামরান সংবাদপত্র এজেন্ট সাজিদ আলমের ছেলে। সে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও লালমনিরহাট ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থী ক্রিকেটার।
সাজিদ বলেন, এ ঘটনায় সামিউলের পরিবারের পক্ষ থেকে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করায় বিষয়টি নিয়ে আপাতত আর কিছু করতে চাই না। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ঘটনাটি সামাজিকভাবেই মীমাংসায় রাজি হয়েছি। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘ওরা আমার ছেলেকে এভাবে না মেরে বিচার দিতে পারত, সেটি না করে মারধর করায় থানায় মৌখিকভাবে অভিযোগ করেছিলাম।’
সামিউলের মা সাজেদা বেগম বলেন, ‘গতকাল সকালে ক্রিকেট বল বাড়ির ভেতরে এলে কামরান দেয়াল টপকে ভেতরে আসে। এ সময় তাকে দেখতে পেয়ে আমার ছেলে সামিউল ভুলবশত পাটকাঠি দিয়ে দু-একটা বাড়ি দেয়। ঘটনাটিকে বড় করে দেখিয়ে পুলিশে নালিশ দিলে পুলিশ ছেলেকে আটক করে। আমাদের মধ্যে মীমাংসা হয়েছে, কোনো পক্ষের আর কোনো অভিযোগ নেই।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মাহফুজুর রহমান বলেন, সাজিদ ঘটনাটি মৌখিকভাবে অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে সদর থানার পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। পরে উভয়ের পরিবার বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে নেয়। মীমাংসা হওয়ায় আটক যুবককে তাঁর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।