শিশুকে পেটালেন সহপাঠীর চাচা
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মিরপুর নাজমূল উলুম ফাজিল মাদ্রাসার এক ছাত্রকে গত বৃহস্পতিবার পিটিয়ে আহত করা হয়েছে। মারধরের ঘটনায় ওই ছাত্রের বাবা গতকাল শুক্রবার থানায় মামলা করেছেন।
আহত ছাত্রের নাম হাবিবুর রহমান (১৩)। সে অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবার নাম ডালিম হোসেন। বাড়ি উপজেলার মেটন গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন (৪০। বাড়ি মিরপুর উপজেলা সদরে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বৃহস্পতিবার মাদ্রাসায় ক্লাস চলাকালে হাবিবুরের ব্যাগ থেকে না বলে একটি খাতা বের করে নেয় সহপাঠী নাহিদা খাতুন। বিকেলে ছুটির পর মাদ্রাসার একটি কক্ষে প্রাইভেট পড়ার সময় হাবিবুর ব্যাগে খাতা না পেয়ে নাহিদার কাছে খাতা চায়। খাতা না দিলে নাহিদার একটি বই হাবিবুর নিয়ে নেয়। এ সময় নাহিদা কক্ষ থেকে বের হয়ে চাচা মোজাম্মেলের কাছে নালিশ দেয়। মোজাম্মেল প্রাইভেট শিক্ষকের সামনেই গাছের ডাল ভেঙে তা দিয়ে হাবিবুরকে পেটাতে থাকেন। মারধরের একপর্যায়ে হাবিবুর মাটিতে পড়ে গেলে মোজাম্মেল চলে যান। সেখানে উপস্থিত সহপাঠীরা হাবিবুরকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহানি খাতুন বলেন, মারধরে হাবিবুরের শরীরের বিভিন্ন অংশে কালশিটে ও ফোলা দাগ হয়েছে।