শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
টাঙ্গাইলের সখীপুরে এক মা তাঁর ছয় বছরের ছেলেকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পরে নিজেই নিজের মাথায় কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। মায়ের অবস্থা অতটা গুরুতর না হলেও মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ও মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। উপজেলার নলুয়া গ্রামে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর ভাষ্য, ফরিদার সঙ্গে ভালুকা থানার তামাট গ্রামের রফিকুল ইসলামের (৩০) ১৪ বছর আগে বিয়ে হয়। রফিকুল নলুয়া বাজারে মাছের ব্যবসা করেন। বিয়ের পর থেকে রফিকুল শ্বশুর বাড়িতেই থাকেন। ফরিদার সঙ্গে রফিকুলের বনিবনা ছিল না। দাম্পত্য কলহের কারণে ফরিদা মানসিকভাবে অসুস্থ ছিলেন। রফিকুল ফরিদা ও সন্তানদের খোঁজ রাখতেন না বলে ফরিদার সন্দেহ হয় রফিকুল অন্য কোথাও বিয়ে করেছেন।
রফিকুল বলেন, আজ সকালে তাঁর সঙ্গে ঝগড়া করে ফরিদা যমজ সন্তান শরীফ ও আরিফকে নিয়ে বাড়ির দক্ষিণ পাশে যান। সেখানে বঁটি দিয়ে শরীফকে কোপাতে থাকেন। এ দৃশ্য দেখে আরিফ ভয়ে পালিয়ে যায়। একটু পর ফরিদা নিজেই নিজেকে কোপাতে থাকে। তাঁদের চিৎকারে তিনিসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত শরীফকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকেরা সঙ্গে সঙ্গেই তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে এলাকাবাসী ফরিদাকে রক্তাক্ত অবস্থায় দেখে তাঁকেও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বেলা সাড়ে তিনটার দিকে শরীফের অবস্থার অবনতি হলে ফরিদাকেসহ দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকেরা।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রোকেয়া বেগম প্রথম আলোকে বলেন, শিশুটির কাঁধ, ঘাড়, কান ও গলায় আট থেকে ১০টি মারাত্মক কোপের চিহ্ন রয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ বিষয়ে কেউ মামলা করেননি। তবে ঘটনাটি শুনে তিনি নলুয়ায় ফরিদাদের বাড়িতে গিয়েছেন। ফরিদা কয়েক মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে প্রতিবেশীরা তাঁকে জানায়।