শিশুকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা?
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কাংশা গ্রামে গতকাল বুধবার লায়লা বেগম নামের এক গৃহবধূ শিশুকে বিষ খাওয়ানোর পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মুমূর্ষু অবস্থায় লায়লাকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিশু আহাদকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনেরা জানিয়েছেন, দুজনেরই অবস্থা সংকটাপন্ন।
লায়লার পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে তালেবপুর ইউনিয়নের কাংশা গ্রামের আব্দুল কাইয়ুমের সঙ্গে লায়লার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহে কাইয়ুম এবং শাশুড়ি মমতাজ বেগম ও ননদ শিরিন লায়লাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন। গতকাল দুপুরেও লায়লাকে মারধর করেন শ্বশুরবাড়ির লোকজন। এরপর বেলা সাড়ে তিনটার দিকে ঘরের ভেতর আহাদের মুখে বিষ ঢেলে দেন লায়লা। এরপর তিনিও বিষ পান করেন। পরে প্রতিবেশীরা মা ও শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লায়লার বড় ভাই সেন্টু মিয়া বলেন, তাঁর ভগ্নিপতি কাইয়ুম আগেও বিয়ে করেছিলেন। শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে ওই বউ বাড়ি ছেড়ে চলে যান। পরে তাঁর বোনের বিয়ে হলে তাঁকেও নির্যাতন করে আসছেন কাইয়ুম। গতকালও তাঁর বোনকে বেদম মারধর করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তাঁর বোন।
গতকাল রাত আটটায় সেন্টু মিয়া বলেন, তাঁর বোন ও ভাগনের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে পুলিশ আমলে নেয়নি।
গতকাল রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে আবদুল কাইয়ুম বলেন, ‘অন্য মেয়ের সঙ্গে আমার পরকীয়া আছে—এমন সন্দেহে ঝগড়া হতো। তবে এভাবে সন্তানকে বিষ পান করিয়ে স্ত্রী নিজে আত্মহত্যার চেষ্টা করবে, তা আমি ভাবিনি।’ স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন তিনি।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করতে আসেনি।’